
যশ রাজ এন্টারটেইনমেন্টের নেটফ্লিক্স সিরিজ ‘টানেল মেন’-এ যোগ দিলেন তব্বু। এই সিরিজের মাধ্যমে হিন্দি অরিজিনাল স্ট্রিমিং সিরিজে প্রথমবার অভিনয় করতে চলেছেন তিনি। ‘টানেল মেন’ ২০২৩ সালে উত্তরাখণ্ডের সুড়ঙ্গ উদ্ধার অভিযানের সাহসিকতা ও চেতনা থেকে অনুপ্রাণিত একটি কাল্পনিক নাট্যকাহিনি।
২০২৩ সালের নভেম্বর মাসে উত্তরাখণ্ডের একটি সুড়ঙ্গ ধসে পড়ার পর তার ভিতরে আটকে পড়া শ্রমিকদের উদ্ধারে দীর্ঘ ও অত্যন্ত কঠিন অভিযান শুরু হয়েছিল। সেই সময় গোটা দেশ উৎকণ্ঠায় অপেক্ষা করেছিল। ‘টানেল মেন’ সেই ঘটনার চেতনা, প্রতিকূলতার মুখে মানুষের দৃঢ়তা, দলগত প্রচেষ্টা এবং আশার শক্তিকে কেন্দ্র করে তৈরি, যা ওই উদ্ধার অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল।
তব্বুর অভিনয়জীবন তিন দশকেরও বেশি সময় ধরে বিস্তৃত। মূলধারার পাশাপাশি স্বাধীন ধারার সিনেমা এবং হিন্দি ও আঞ্চলিক ভাষার ছবিতে তিনি অসাধারণ সাবলীলতার সঙ্গে অভিনয় করেছেন। ‘মাচিস’ এবং ‘চাঁদনি বার’ ছবিতে অভিনয়ের জন্য তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। অন্যদিকে, ‘মকবুল’, ‘হায়দার’ এবং ‘আন্ধাধুন’-এর মতো ছবিতে তাঁর অভিনয় প্রতিভার অসাধারণ বৈচিত্র্য ফুটে উঠেছে।
তাঁর আন্তর্জাতিক কাজের তালিকায় রয়েছে মীরা নায়ারের ‘দ্য নেমসেক’, যেখানে তিনি আশিমা গাঙ্গুলির চরিত্রে অভিনয় করেছেন। এ ছাড়াও অ্যাং লির ‘লাইফ অফ পাই’ এবং ‘ডিউন: প্রফেসি’ সিরিজে তাঁকে দেখা গিয়েছে, যেখানে তিনি সিস্টার ফ্রান্সেস্কার ভূমিকায় অভিনয় করেছেন।
‘দ্য রেলওয়ে মেন’-এর পরিচালক শিব রাওয়াইল ‘টানেল মেন’-এর শোরানার হিসেবে ফিরছেন। সাহসিকতার এক নতুন কাহিনিতে তিনি আবারও সেই একই মানবিক গল্প বলার ধারা তুলে ধরবেন।
সিইও অক্ষয় বিধানির অধীনে যশ রাজ এন্টারটেইনমেন্টের হেড অফ কনটেন্ট হিসেবে যোগ দেওয়ার পর ‘টানেল মেন’ সৌগত মুখোপাধ্যায়ের প্রথম প্রজেক্ট। অভিজ্ঞ এই কনটেন্ট এক্সিকিউটিভ এর আগে ভারতের বহুল আলোচিত কয়েকটি সিরিজের তত্ত্বাবধান করেছেন। সেই তালিকায় রয়েছে ‘স্ক্যাম ১৯৯২’, ‘মহারানি’, ‘তব্বর’ এবং ‘রকেট বয়েজ’। তাঁর তত্ত্বাবধানে তৈরি ‘আর্যা’, ‘রকেট বয়েজ’ এবং ‘রিয়েল কাশ্মীর ফুটবল ক্লাব’ আন্তর্জাতিক এমি পুরস্কারের মনোনয়নও পেয়েছে।
সিরিজটি নেটফ্লিক্সে স্ট্রিমিং হবে। এর মাধ্যমে যশ রাজ এন্টারটেইনমেন্ট এবং নেটফ্লিক্সের সৃজনশীল অংশীদারিত্ব আরও এগিয়ে যাবে, যার সূচনা হয়েছিল ২০২৩ সালে ‘দ্য রোম্যান্টিকস’-এর মাধ্যমে।

