20.9 C
New York

প্রকাশ্যে ‘সে তো আজও বোঝে না’-র ফার্স্ট লুক। ২ অক্টোবর ২০২৬-এ প্রেক্ষাগৃহে।

Published:

ট্যাগলাইন: “কেন সে বোঝে না”

এখন যোগাযোগের অসংখ্য মাধ্যম, অথচ মনের কথাটাই বলা হয়ে ওঠে না। ভালোবাসা, বন্ধুত্ব, স্বপ্ন এবং কমিটমেন্টের টানাপোড়েনে আমরা কখনও কখনও নিজেদেরই হারিয়ে ফেলি। আর যখন অনুভূতিটা প্রকাশ করতে চাই, তখন হয়তো অনেকটা দেরি হয়ে যায়। এমনই এক না-বলা ভালোবাসা ও অসম্পূর্ণ সম্পর্কের গল্প নিয়ে আসছে রন রাজ পরিচালিত নতুন বাংলা ছবি ‘সে তো আজও বোঝে না’। ছবির মুখ্য চরিত্রে অভিনয় করছেন অভিনেতা সোহম চক্রবর্তী, প্রিয়াঙ্কা সরকার, দেবাশীষ মন্ডল, বিবৃতি চট্টোপাধ্যায় প্রমুখ। ছবির মিউজিকে রয়েছে বিশেষ চমক, মিউজিক পরিচালনার দ্বায়িত্বে রয়েছেন জিৎ গাঙ্গুলী।

প্রকাশ্যে এসেছে ছবিটির ফার্স্ট লুক। কখনও পিছনে লুকিয়ে রাখা, কখনও দুই হাতে আগলে রাখা একটি লাল গোলাপ—যেন সেই ভালোবাসার প্রতীক, যা মনের মধ্যে বহুদিন বেঁচে থাকলেও ঠিক সময়ে প্রিয় মানুষটির কাছে পৌঁছয়নি। কেন্দ্রীয় চরিত্রের চোখে ধরা পড়েছে ভালোবাসা, অভিমান, অপেক্ষা এবং চাপা পড়ে থাকা গভীর যন্ত্রণা।

গল্পের কেন্দ্রে মৈনাক। সাধারণ জীবন থেকে উঠে আসা এক যুবক, যার সবচেয়ে কাছের দুই মানুষ মেঘলা ও জাহির। বন্ধুত্বের আড়ালে মেঘলার প্রতি মৈনাকের মনে জন্ম নেয় গভীর ভালোবাসা। কিন্তু সেই অনুভূতি প্রকাশ করার সাহস সে খুঁজে পায় না। সময় এগিয়ে যায়, সম্পর্ক বদলে যায়, মানুষ দূরে সরে যায়। ব্যক্তিগত যন্ত্রণাকে শক্তিতে বদলে মৈনাক সাফল্যের শিখরে পৌঁছলেও তার ভিতরে অসম্পূর্ণ থেকে যায় একটি সম্পর্ক, একটি অপেক্ষা এবং না-বলা কয়েকটি কথা।

বহু বছর পরে জীবন যখন তাদের আবার মুখোমুখি দাঁড় করায়, তখন সামনে আসে কঠিন প্রশ্ন—অর্থ, প্রতিষ্ঠা ও সাফল্য কি হারিয়ে যাওয়া সময়কে ফিরিয়ে দিতে পারে? নাকি কিছু মানুষ দূরে চলে যাওয়ার পরেও আমাদের স্মৃতি, অভ্যাস ও ভালোবাসার মধ্যে আজীবন বেঁচে থাকে?

‘সে তো আজও বোঝে না’ শুধুমাত্র একটি প্রেমের ছবি নয়। এটি বন্ধুত্ব, প্রতিশ্রুতি, সাফল্যের মূল্য এবং সময় থাকতে মনের কথা বলে দেওয়ার গল্প। এই ছবি তাঁদের কথা বলবে, যাঁরা সম্পর্কের দায়িত্ব সামলাতে সামলাতে নিজেদের অনুভূতিকে হারিয়ে ফেলেছেন; যাঁরা কাউকে গভীরভাবে ভালোবেসেও বলতে পারেননি; অথবা যাঁদের জীবনে আজও বেঁচে রয়েছে হারিয়ে যাওয়া কোনো প্রিয় মানুষ।

রন রাজের মূল ভাবনা ও পরিচালনায়, প্রযোজক মুকেশ পান্ডের প্রযোজনাতে “পান্ডে মোশান পিকচার” ও এর ব্যানারে ‘সে তো আজও বোঝে না’ প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ২ই অক্টোবর ২০২৬। সহপ্রযোজনাতে রয়েছেন “ল্যানর্টান ফিল্মস” সৌমীক ব্যানার্জী, অনুসূয়া বাভেজা, শরভ চ্যাটার্জী। ছবির কার্যনির্বাহী প্রযোজক হিসাবে রয়েছেন দেবার্ঘ মুখার্জি।

কারণ কিছু ভালোবাসা শেষ হয়ে যায় না—শুধু থেকে যায় একটি প্রশ্ন, “কেন সে বোঝে না?”

Related articles

Recent articles